‘বিএনপির সমাবেশে বাধা দেওয়ায় লোকসমাগম বেশি হয়েছে। আড়াই ঘণ্টার জনসভা হয়েছে ৭২ ঘণ্টা’—সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। উপজেলার হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান অতিথি ছিলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তাঁকে বলেছিলেন, বিএনপির সমাবেশে বাধা দেওয়ার কারণেই লোকসমাগম বেশি হয়েছে। আড়াই ঘণ্টার জনসভা হয়েছে ৭২ ঘণ্টা। তখন প্রধানমন্ত্রী তাঁকে (কাদের সিদ্দিকী) বলেছেন, ‘এটা তুমি কী বললে? এমন কথা তো আমাকে কেউ বলেনি।’ তখন প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনাকে দেখে সবাই ডরায় (ভয় পায়)। যে কথায় আপনি খুশি হবেন, তারা সেই কথাই শুধু আপনাকে বলে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের ঘটনা উল্লেখ করে কাদের সিদ্দিকী আরও বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে যদি ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে বঙ্গবন্ধুর চেয়ে আপনার সুনাম বেশি হবে। তবে তিনি তাঁকে (প্রধানমন্ত্রী) হুঁশিয়ার করে দিয়েছেন, আগামী নির্বাচনে সারা দেশে না হোক, অন্তত টাঙ্গাইলে ভোট চুরি করতে দেওয়া হবে না। তিনি তাঁকে এ–ও বলেছেন, ২০১৮ সালের নির্বাচন সঠিক হয়নি। মানুষ যাঁকে ইচ্ছা তাঁকে ভোট দিতে পারেনি।
হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু, মির্জাপুর উপজেলার সাধারণ সম্পাদক আরমান হোসেন, সখীপুর পৌর সভাপতি আবু জাহিদ রিপন, উপজেলা কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।