পাঁচলাইশ থানা
পাঁচলাইশ থানা

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা ছোড়া হয়েছে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি।

অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে সেখানকার কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

ওসি মোজাম্মেল হক আরও বলেন, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল বা গাড়িতে করে পেট্রলবোমাগুলো ছোড়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।