ভোলায় জোয়ার–জলোচ্ছ্বাস

গবাদিপশু রক্ষায় চাই কেল্লা

এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জোয়ার-জলোচ্ছ্বাসের কবলে পড়ে শতাধিক গবাদিপশু মারা গেছে।

আধুনিক কেল্লায় রয়েছে পাকা মেঝে, বজ্রপাত নিরোধ, গভীর নলকূপ, রাখালদের রান্না ও থাকা-খাওয়ার পাকা ব্যবস্থা। সম্প্রতি ভোলার সদর উপজেলার চর নিউহোসেনে
ছবি: প্রথম আলো

অমাবস্যা-পূর্ণিমায় সাগর ও নদ-নদীতে জোয়ারের উচ্চতা বাড়ছে। এতে ভোলায় গবাদিপশুর নিরাপত্তা, খাদ্য ও স্বাস্থ্য সংকট দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা।

খামারিদের তথ্য অনুযায়ী, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জোয়ার-জলোচ্ছ্বাসের কবলে পড়ে শতাধিক গবাদিপশু মারা গেছে। রোগাক্রান্ত হয়ে পড়ছে গবাদিপশু। এই সমস্যা সমাধানের জন্য পাকা কেল্লা (মাটির উঁচু ঢিবি) নির্মাণের দাবি জানিয়েছেন খামারিরা।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আখতার বলেন, মার্চ-সেপ্টেম্বর ভোলায় প্রতি অমাবস্যা-পূর্ণিমায় জোয়ারের উচ্চতা বাড়ে। বর্ষায় প্রকট হয়। চলতি বছরে জোয়ারের উচ্চতা ছিল ৪ দশমিক ৫৫ মিটার। জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে জোয়ারের উচ্চতা বাড়ছে। এতে প্রাণী, মৎস্য, কৃষি সম্পদসহ সব খাতই ঝুঁকিতে পড়ছে।

মুজিবনগরের কোথাও কোনো কেল্লা নেই। মাটির বাঁধই শেষ ভরসা। দূষিত পানি খেয়ে পশুর রোগ-বালাই দেখা দেয়।
হারুন আর রশিদের, খামারি

মারা যাচ্ছে গবাদিপশু

ভোলায় ৭৫টি চরে গবাদিপশু পালন হয়। কয়েকটি চরে খোঁজ নিয়ে জানা যায়, জোয়ারে ভেসে, দূষিত পানি পান করে, রোগাক্রান্ত হয়ে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত শতাধিক গবাদিপশু মারা গেছে। এর মধ্যে গত আগস্ট মাসে (১০-১৪ আগস্ট) পূর্ণিমার জোয়ারে ভেসে, ডুবে ও রোগেভোগে প্রায় ৫০টি মহিষের বাছুর মারা গেছে।

লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার বাসিন্দা মো. কাঞ্চন বলেন, মেঘনার মধ্যে জেগে ওঠা আট নম্বর চরে তাঁরা কয়েকজন সহস্রাধিক মহিষ পালন করেন। সেখানে কেল্লা ও চিকিৎসার ব্যবস্থা নেই। জলোচ্ছ্বাসে প্রায়ই তাঁদের মহিষ ও মহিষের বাছুর ভেসে যায়। অসুখে ভোগে গত ১২ আগস্ট তাঁদের ৩টি মহিষ মারা যায়। ৪টি মহিষ ভেসে গেছে, যার আর সন্ধান পাওয়া যায়নি।

৩৮টি আধুনিক কেল্লা নির্মাণ করা হবে। এর মধ্যে ১৪টির কাজ চলমান আছে।
দেলোয়ার হোসেন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা

দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক দৌলত বলেন, সেপ্টেম্বরে জোয়ার-জলোচ্ছ্বাসের পরে চরে গবাদিপশুর রোগ দেখা দেয়। আলমগীর মহুরীর দুটি, মো. সুলতান বাথানের দুটি, নুর মোহাম্মদ ব্যাপারীর দুটি, নেয়ামতপুরে আজাদের একটিসহ ১২টি মহিষের বাচ্চা মারা গেছে। প্রতিটি বাছুরের দাম কমপক্ষে ৫০ হাজার টাকা।

প্রাকৃতিক দুর্যোগের সময় গবাদিপশু সুরক্ষায় নেওয়া হয় উঁচু কেল্লায়

কেল্লার সংখ্যা কম

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে ভোলায় প্রায় ৬ লাখ গবাদিপশু রয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ গবাদিপশু চরাঞ্চলে পালিত হয়। এসব চরে আধুনিক কেল্লা নেই।

স্বাধীনতার পর গবাদিপশু রক্ষায় ভোলায় ৪০টির মতো মাটির কেল্লা নির্মাণ করা হয়। দীর্ঘদিনে ওই সব কেল্লার মাটি ক্ষয়ে সমতল হয়ে গেছে। জোয়ার-জলোচ্ছ্বাসে ওই কেল্লাগুলো আর কাজে লাগছে না। তবে গত কয়েক বছরে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার(জিজেইউএস) উদ্যোগে তিনটি আধুনিক কেল্লা নির্মাণ করা হয়েছে। এগুলো সদর উপজেলার চর চটকিমারা, নিউ হোসেন (চন্দ্রপ্রসাদ) ও দৌলতখান উপজেলার চরমুনশিতে অবস্থিত। আরও একটি কেল্লা নির্মাণের পরিকল্পনা আছে তাদের। এতে দুই হাজার পশু আশ্রয় নিতে পারবে।

মহিষ বিশেষজ্ঞ, জিজেইউএসের পরিচালক (প্রাণিসম্পদ) খলিলুর রহমান বলেন, বছরের ছয় মাস (আগস্ট-জানুয়ারি) মহিষের প্রসূতিকাল। এ সময় ঝড়-জলোচ্ছ্বাসসহ উচ্চ-জোয়ারে নদীর মধ্যের চরগুলো ডুবে যায়। ঝুঁকিতে থাকে প্রসূতি মহিষ ও বাছুর। দূষিত পানি পান করে ও ভিজে অসুস্থ হয়ে পড়ে। চরগুলোতে আধুনিক কেল্লা না থাকায় গবাদিপশু পানিতে ভেসে যাওয়া, ঘাসসংকটসহ নানা সমস্যায় পড়ছে। এ সমস্যার সমাধানে ভোলায় কমপক্ষে ১৫০টি আধুনিক কেল্লা নির্মাণ জরুরি।

প্রয়োজন আধুনিক কেল্লা

সম্প্রতি ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর মধ্যে জেগে ওঠা চরে গিয়ে দেখা যায়, গবাদিপশু পালনের চিত্র।

বিস্তীর্ণ চরে প্রায় পাঁচ হাজার গবাদিপশু চড়ে বেড়াচ্ছে, যার বেশির ভাগ মহিষ। এখানে কয়েকটি কেল্লা রয়েছে। তবে আধুনিক মানের কেল্লা মাত্র একটি। সেখানে ৫০০টি গরু-মহিষ অবস্থান

নিতে পারে। এই কেল্লার মেঝে পাকা। ছোট বাছুরগুলো রাখার আলাদা স্থান আছে। তোলা ঘাস ও মিষ্টি পানির ব্যবস্থা আছে। আছে বজ্রপাত নিরোধ, গভীর নলকূপ, রাখালদের রান্না ও থাকা-খাওয়ার ব্যবস্থা।

স্থানীয় খামারি সামসুদ্দিন তালুকদার বলেন, পাকা কেল্লাটি বছরখানেক আগে নির্মাণ করা হয়েছে। খামারিরা এর সুফল পেতে শুরু করেছেন। পাকা কেল্লা থাকায় জলোচ্ছ্বাসে মহিষ ভেসে যায় না। দূষিত পানি খেয়ে মহিষের অসুখ হয় না।

চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের হারুন আর রশিদের ১৪টা মহিষ ও তিনটি গরু আছে। তিনি বলেন, মুজিবনগরের কোথাও কোনো কেল্লা নেই। মাটির বাঁধই শেষ ভরসা। দূষিত পানি খেয়ে পশুর রোগ-বালাই দেখা দেয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, স্বাধীনতার পরে যে কেল্লাগুলো নির্মাণ করা হয়েছিল, সেগুলো ক্ষয়ে সমতলে পরিণত হয়েছে। তাঁরা সরকারের কাছে ৫০টি আধুনিক কেল্লা নির্মাণের প্রস্তাব করেছিলেন। যার একটির আয়তন হবে তিন একর।