
শৈশবের সাদাকালো একটি ছবি আর পুরোনো পাসপোর্ট। এর সঙ্গে রয়েছে অন্যের মুখে শোনা নিজের শৈশবের কিছু গল্প। এটুকুই সম্বল। এই সম্বল নিয়েই নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ছুটে এসে নিজের হারিয়ে যাওয়া মা–বাবাসহ পরিবারের সদস্যদের খুঁজছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। স্বজনদের ফিরে পাওয়ার আকুলতা নিয়ে হন্যে হয়ে ঘুরছেন কক্সবাজারের চকরিয়ার নানা এলাকায়।
সেলিনা গোমেজ জানান, তাঁর জন্ম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে। বয়স যখন মাত্র দেড় বছর, তখন তাঁকে দত্তক নেয় নেদারল্যান্ডসের একটি পরিবার। এরপর পরিবারটির সঙ্গে সে দেশে চলে যান সেলিনা। এখন নেদারল্যান্ডসের নাগরিক তিনি। দত্তক নেওয়া পরিবারটিতে আদর–যত্নে বেড়ে উঠলেও নিজের জন্মদাতা মা–বাবাকে দেখার আকাঙ্ক্ষায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন সেলিনা। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসেছেন তিনি।
বাংলাদেশে আসার পর চকরিয়ার মালুমঘাট, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরেছেন সেলিনা। নিজের পরিবারের সন্ধান চেয়ে এলাকায় লিফলেট বিলিয়েছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তবে প্রায় সাড়ে ৪৩ বছর আগে হারিয়ে ফেলা স্বজনদের খুঁজে পাওয়া যে খুব একটা সহজ নয়, তা অনুধাবন করেছেন তিনি।
আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।সেলিনা গোমেজ
অবশ্য এরই মধ্যে একজন তাঁর ভাই দাবি করেছেন। কথাটি শুনে আনন্দিত হয়েছেন সেলিনা। তবে আবেগের বশবর্তী না হয়ে ওই ব্যক্তি ভাই কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চান তিনি। এরই মধ্যে ওই ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। এখন অপেক্ষা ফলাফলের।
সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় কথা হয় সেলিনা গোমেজের সঙ্গে। কথা বলতেই তিনি নিজের কাছে থাকা পুরোনো পাসপোর্টটির কপি সামনে তুলে ধরেন। পাসপোর্টে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। সেখানে জাতীয়তা হিসেবে লেখা—বাংলাদেশি। সঙ্গে থাকা শিশুকালের একটি সাদাকালো ছবিও দেখান সেলিনা। তিনি বলেন, ‘এটি ছিল বাংলাদেশে আমার শেষ ছবি।’
সেলিনা জানান, তাঁর কাছে নিজের জন্ম ও দত্তক নেওয়ার বিষয়ে খুব বেশি তথ্য নেই। অন্যের মুখে শোনা গল্পটুকুই তাঁর সম্বল। তাঁর ভাষায়, ‘আমাকে যে গল্পটি বলা হয়েছে, তা হলো, আমি মালুমঘাট থেকে এসেছি। একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে একটি পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। আসলে এটুকুই কেবল আমি জানি।’
সাত থেকে আট বছর আগে প্রথম বাংলাদেশে আসেন বলে জানান সেলিনা। তিনি বলেন, এ পর্যন্ত কয়েকবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন। এবারের বাংলাদেশ সফরে ভাই হিসেবে পরিচয় দেওয়া একজনের সাক্ষাৎ নতুন অভিজ্ঞতা বলে জানান সেলিনা। এর সূত্র ধরে পরিবারকে খুঁজে পাওয়ার আশা করছেন তিনি।
ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা। তাঁর জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি। তিনি পেশায় অটোরিকশার চালক। শৈশবে তাঁর বোনকে ঢাকায় নেওয়ার পর আর সন্ধান মেলেনি বলে দাবি আবু সৈয়দের।
ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। গত রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে সেলিনার সঙ্গে দেখা করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাবার নাম মোহাম্মদ সাচি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিংগা ভরামুহুরী এলাকার বাসিন্দা।
আবু সৈয়দ বলেন, ‘সেলিনার চেহারা, চোখ, আচরণ—সবকিছুর সঙ্গে আমার মিল রয়েছে। তাঁর প্রতি আমি টান অনুভব করছি। ডিএনএর রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হয়ে যাব। তবে আমি খুবই খুশি। মনে হচ্ছে, ছোটবেলায় হারিয়ে ফেলা বোনকে কাছে পাচ্ছি।’
সেলিনা বলেন, ‘আমি আমার মা–বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি এবং খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তাঁদের কথা আমার মনে নেই। আমি সত্যিই আমার পরিবার, আমার বাবা, মা ও পরিবারের সবাইকে খুঁজে পেতে চাই। আশা করি, তাঁদের খুঁজে পাব। কারণ, তাঁদের খুব মিস করি।’
একটু থেমে সেলিনা আরও বলেন, ‘আমি নেদারল্যান্ডসে একা আছি। আমার খুব একা লাগে। আমি চাই, আমার মা–বাবাও জানুক, আমি কেমন আছি, কীভাবে বড় হয়েছি। তাঁদের মেয়ে এখন কেমন আছে। কারণ, আমি জানি, তাঁরাও আমাকে খুব মিস করেন। আমি সত্যিই চাই, আমরা আবার যাতে একসঙ্গে হতে পারি।’
সেলিনা জানান তাঁর দত্তক নেওয়া মা–বাবার নাম হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজ। তাঁদের কাছেই বড় হয়েছেন তিনি। তাঁদের কাছ থেকে ভালোবাসা ও যত্ন পেয়েছেন। তবু নিজের জন্মদাতা মা–বাবার কাছে তাঁর জীবনের গল্প পৌঁছে দেওয়ার একটা তাগিদ অনুভব করেন। জানতে চান, যাঁরা তাঁকে পৃথিবীতে এনেছিলেন, তাঁরা কেমন আছেন।
বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখার অনুভূতির কথাও জানিয়েছেন সেলিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো কিছুই আমার মনে ছিল না। কিন্তু প্রথমবার যখন বাংলাদেশে পৌঁছাই, বিমানবন্দর থেকে বের হয়ে এখানকার বাতাস অনুভব করলাম। বাতাস আর চারপাশের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে মনে হলো, ওহ, আমি বাড়িতে এসেছি। আমি বাংলাদেশকে সত্যিই খুব ভালোবাসি।’
সেলিনার ভ্রমণ সহকারী হিসেবে রয়েছেন মোহাম্মদ ওমর। তিনি বলেন, ‘পরিবারের সন্ধানে সেলিনাকে আমি কয়েক দিন ধরে সহযোগিতা করছি। এর আগে রাসেল আলম নামের আরেক ভ্রমণ সহকারী সেলিনার সঙ্গে ছিলেন। সেলিনা জানিয়েছেন, আরও সপ্তাহখানেক বাংলাদেশে থাকবেন।’