মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না। আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি ও দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।

আজ শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির এ কথা বলেন। সাংগঠনিক সফরে অংশ নিতে তিনি মৌলভীবাজার আসেন।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আমরা চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে–ই ক্ষমতায় যাবে।’

সরকারে বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘দেশে একটার পর একটা অঘটন ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকব—ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন? সরকারের অপকর্ম, অন্যায়–অপরাধের দায় আমরা নেব না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের কেউ অন্যায় করলেও আমরা ছাড় দিইনি। আমরা নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখব না, নীতিকে বড় করে দেখব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো দলের নয়। দল বিপদে পড়লে এরা আগে পালায়।’

এ সময় জামায়াতের আমির বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রথম কাজ হচ্ছে নিজের মন্ত্রণালয় দেখাশোনা করা। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন; না তিনি সমাজে শৃঙ্খলা ফেরাতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।’

কোনো দুর্ঘটনা ছাড়াই দুর্গাপূজা শেষ হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দু–তিন দিন আগে দুর্গাপূজা শেষ হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ দেশে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল এ ব্যাপারে সতর্ক ছিল। দেশ আমাদের সবার। এখানে মানুষ তার পছন্দমতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করবে। এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।’