শর্ষেখেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। গতকাল টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে
শর্ষেখেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করছেন মৌচাষিরা। গতকাল টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে

টাঙ্গাইলে শর্ষেখেতে মৌ চাষ

লক্ষ্য ৯০ হাজার কেজি মধু সংগ্রহ

গতকাল সোমবার পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০টি মৌমাছির বাক্স বসানো হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় বাক্স বসছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে শর্ষেখেতের পাশে মৌ চাষের ৬২টি বাক্স বসিয়েছেন সাইফুর রেজা। এ থেকে তিনি অন্তত দেড় মণ মধু সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন। তিনি জানান, শর্ষেখেত থেকে মধু আহরণ করলে পরাগায়ন হয়। এতে শর্ষের উৎপাদন বাড়ে। তাই খেতের মালিকেরাও মৌচাষিদের উৎসাহিত করেন।

শুধু সাইফুর নন, পুরো টাঙ্গাইল জেলাতেই শর্ষেখেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ চলছে। কৃষি বিভাগ এবার জেলায় শর্ষে মৌসুমে ৯০ হাজার কেজি মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। এ জন্য মৌমাছির বাক্স বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১৭ হাজার ২০৪টি। গতকাল সোমবার পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০টি মৌমাছির বাক্স বসানো হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় বাক্স বসছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার জানান, মৌমাছি শর্ষে ফুলে উড়ে উড়ে বসে মধু সংগ্রহ করে। এতে শর্ষে ফুলে সহজে পরাগায়ন ঘটে। তাই শর্ষেখেতের পাশে মৌ চাষের বাক্স স্থাপন করলে শর্ষের ফলন অন্তত ২০ শতাংশ বাড়ে। পাশাপাশি মৌচাষিরা মধু আহরণ করে লাভবান হন।

পাইকারি পাঁচ থেকে ছয় হাজার টাকা মণ দরে মধু এবার বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে।
মিনারুল ইসলাম, মৌচাষি

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় মোট ৫২ হাজার হেক্টর জমিতে শর্ষে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার ১২০ হেক্টর বেশি জমিতে শর্ষের আবাদ হয়েছে। তাই শর্ষের মৌসুমে মধু আবাদে লক্ষ্যমাত্রাও বেড়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩ হাজার ৬৫৪ কেজি মধু সংগ্রহ হয়েছে। মৌসুমের প্রথম দিকে ফুল কম থাকে, পরিপক্ব হয় না। তাই মধু আহরণ কম হয়। এখন পূর্ণ মৌসুম শুরু হচ্ছে। এখন মধু আহরণ অনেক বেড়ে যাবে।

কৃষি বিভাগ জানায়, উচ্চফলন ও স্থানীয় উভয় জাতের শর্ষে কৃষকেরা চাষ করেন। দুই জাতের শর্ষেই নভেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত আবাদ করতে হয়। ফসল ঘরে উঠতে সময় লাগে জাতভেদে ৭০–৯০ দিন। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শর্ষে ফুলের সমরোহ। কৃষকেরা যেমন মাঠে শর্ষে পরিচর্যা করছেন, তেমনি খেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা।

টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে শর্ষেখেতের পাশে ১৫০টি মৌ চাষের বাক্স স্থাপন করেছেন খলিলুর রহমান। সপ্তাহে এ বাক্স থেকে সাত মণ মধু সংগ্রহ করতে পারছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে এসেছেন। একই উপজেলার ছোট বাসালিয়া গ্রামে মিনারুল ইসলাম গত এক ডিসেম্বর মৌ চাষের ৩০০ বাক্স বসিয়েছেন। এ পর্যন্ত তিনি ২২ মণ মধু সংগ্রহ করেছেন। মির্জাপুর সদরের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ১০০টি করে বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন ফজর আলী ও জিয়াউর রহমান। তাঁরা জানান, মৌমাছির বাক্স বসালে ফলন ভালো হয়। তাই খেতের মালিকেরা বাক্স বসাতে তাঁদের সহায়তা করেন।

মৌচাষি সাইফুর রেজা জানান, মৌচাষিদের মধু আহরণের প্রশিক্ষণের পাশাপাশি মধু সংরক্ষণের প্রশিক্ষণের ব্যবস্থা সরকারিভাবে নেওয়া প্রয়োজন। সংরক্ষণ করতে পারলে মৌচাষিরা আরও বেশি লাভবান হতে পারবেন।

মৌচাষি মিনারুল ইসলাম জানান, পাইকারি পাঁচ থেকে ছয় হাজার টাকা মণ দরে মধু এবার বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে।