
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল আটটায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। তাঁদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি বেশি।
আজ সকাল সাড়ে আটটার দিকে সাঘাটা উপজেলার ফলিয়াদিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। এখানে ভোট দিতে আসা ফলিয়াদিঘর গ্রামের জলিল মিয়া (৫৫) বলেন, ভোট দেওয়ার জন্য তিনি আজ ভোরে ঢাকা থেকে গ্রামে এসেছেন। পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন।
সকাল নয়টার দিকে একই উপজেলার বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কৃষক বাবলু মিয়ার (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘এব্যারক্যা সিল মারার ঝামেলা নাই। ভোট মারি নিবে তারও বুদ্দি নাই। কেনদোরোত (কেন্দ্রে) ক্যামেরা নাগাচে। মেশিনোত (ইভিএম মেশিন) টিপ দিয়া ভোট দিয়া শান্তি পানো।’
এর আগে ফলিয়াদিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান। ভোট প্রদানের পর তিনি বলেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। তিনি আশা করছেন, এই নির্বাচনে নৌকার বিজয় হবে।
বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিষ্ণুপদ সিংহ বলেন, তাঁর কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে।
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কয়েক প্লাটুন র্যাব, আনসার সদস্য ছাড়াও ১ হাজার ২৮৫ জন পুলিশ সদস্য নিরাপত্তা প্রদানে দায়িত্বপালন করছেন। অর্থাৎ, দুই উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ২ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ আসন। নির্বাচনের দিন প্রতি ইউনিয়নে একজন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, ইভিএমে ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। তবে বিদ্যুৎ সরবরাহ না থাকায় নয়টি কেন্দ্রে জেনারেটরের মাধ্যমে ইভিএম মেশিন চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গাইবান্ধা–৫ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টি (জাপা) মনোনীত এ এইচ এম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও সৈয়দ মাহবুবুর রহমান।