একটি দল আতঙ্ক ছড়ায়, এ কারণে আমরা জনগণের পাহারাদার: কাদের

গাজীপুরের কালীগঞ্জের একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ ভীত হয়ে পাহারা বসিয়েছে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের এখানে একটি দল আছে, যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে আগুনসন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রলবোমা দিয়ে মেরে ফেলতে চায়। এ কারণে আমরা জনগণের পাহারাদার।’

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় উলুখোলা এলাকার একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এতে অংশগ্রহণ করেছেন নাটক ও চলচ্চিত্রের পাঁচ শতাধিক অভিনয়শিল্পী।

আজ দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় তাঁকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান। পরে কনভেনশন হলে প্রয়াত শিল্পীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সংস্কৃতি কোনো নিয়ন্ত্রণের বিষয় নয়। সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার আইনটি বাতিল করেছে। বাংলাদেশের নাটকের প্রশংসা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাটক থেকে গুণে, মানে, সংলাপে, অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয়শিল্পী রনক হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ ও তারিক রহমান খান প্রমুখ। শিল্পীরা তাদের বক্তব্য বলেন, আজকাল অপসংস্কৃতি ইউটিউবে অবাধে চলছে। এই অপসংস্কৃতি দূর করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ না করলে রুচির দুর্ভিক্ষ বাড়তেই থাকবে।