নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ঘটের উদ্দেশে যাওয়ার সময় নদীতে আটকে পড়ে একটি ফেরি। আজ সকালে তোলা
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ঘটের উদ্দেশে যাওয়ার সময় নদীতে আটকে পড়ে একটি ফেরি। আজ সকালে তোলা

১৫০ যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা ছিল ফেরি, ছাড়ল পৌনে তিন ঘণ্টা পর

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ফেরি মাঝনদীতে প্রায় পৌনে তিন ঘণ্টা আটকে ছিল। নদীর নাব্যতা-সংকটের কারণে এ ঘটনা ঘটেছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মহানন্দা নদীতে ফেরিটি আটকে পড়ে। পরে জোয়ারের পানি বাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে এটি পুনরায় ছেড়ে যায়।

ফেরি–সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে প্রায় ১৫০ যাত্রী ও ১৬টি যানবাহন নিয়ে চেয়ারম্যানঘাট থেকে নলচিরার উদ্দেশে রওনা দেয় ফেরিটি। প্রায় ১০ মিনিট পর মাঝনদীতে ফেরিটি আটকে যায়। ফেরির মাস্টার নুরুল আমিন জানান, মহানন্দা নদীর অগভীর একটি অংশে ফেরিটি আটকে ছিল। স্থানীয়ভাবে এ জায়গাটিকে ‘শোল’ বলা হয়। জোয়ার-ভাটার কারণে সেখানে প্রায়ই নাব্যতা–সংকট দেখা দেয়। সেখানে পানি কম থাকায় ফেরিটি আটকে গিয়েছিল। দুর্ঘটনা এড়াতে ফেরিটি নোঙর করে জোয়ারের জন্য অপেক্ষা করা হয়।

ফেরির যাত্রী জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই ফেরিটি হঠাৎ থেমে যায়। এতে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে ফেরির মাস্টার জানান, পানি বাড়লেই ফেরি চলতে পারবে। প্রায় পৌনে তিন ঘণ্টা নদীতে অপেক্ষা করতে হয়েছে।