
ঢাকা-কলকাতা-ঢাকা নৌ রুটে বহুল প্রতীক্ষিত যাত্রীবাহী নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। আন্তর্জাতিক রুটে বেসরকারিভাবে দেশের পর্যটকবাহী জাহাজ ‘এমভি রাজারহাট-সি’ আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে খুলনার কয়রা উপজেলার আংটিহারা শুল্ক স্টেশনে পৌঁছায়। জাহাজটিতে ৫০ জন পর্যটকসহ আরোহী ছিলেন প্রায় ১০০ জন।
গতকাল বুধবার সকালে কার্নিভ্যাল ক্রুজ লাইনস নামের একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ ভিআইপি জেটি থেকে পর্যটকবাহী জাহাজটির যাত্রা শুরু হয়। এরপর নৌযানটি বাগেরহাটের মোংলা ও সুন্দরবনের মধ্য দিয়ে আজ সকাল সাতটায় কয়রার আংটিহারায় পৌঁছায়। এখান থেকে ভারতের হেমনগর হয়ে আগামী ১ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে।
এর আগে বাংলাদেশ-ভারত প্রটোকল চুক্তির আওতায় ২০১৯ সালের ২৯ মার্চ সরকারি উদ্যোগে ঢাকা থেকে কলকাতায় নৌ রুটে যাত্রা করে এমভি মধুমতি। তবে লাভজনক না হওয়ায় একই বছরের মার্চে ‘এমভি মধুমতি’ নামের জাহাজটিকে প্রথম ভ্রমণ শেষে গুটিয়ে নেওয়া হয়। এবার ওই একই নৌপথে এমভি রাজারহাট-সি পর্যটকবাহী জাহাজ চালু করেছে কার্নিভ্যাল ক্রুজ লাইনস নামের বেসরকারি কোম্পানি।
বেসরকারি সংস্থা কার্নিভ্যাল ক্রুজ লাইনস সূত্রে জানা যায়, তাদের এমভি রাজারহাট-সি নৌযানটির ধারণক্ষমতা ৩০০ থেকে ৩৫০ জনের। এটি ১ ডিসেম্বর সকালে কলকাতার বাবুঘাট পুলিশ জেটিতে পৌঁছাবে। সেখান থেকে ৪ ডিসেম্বর সকাল ১০টায় ফিরতি যাত্রায় নৌযানটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।
এমভি রাজারহাট-সি নৌযানের প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে পর্যটকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পর্যটক মো. আল আমিন প্রথম আলোকে বলেন, ‘খুব ভালো লাগছে যাত্রী হতে পেরে। আজ সকালে সুন্দরবন থেকে প্রথম সূর্যোদয় দেখলাম।’ বাংলাদেশের নদী আর নদীতীরের সৌন্দর্য, মাছ ধরার দৃশ্য তাঁকে মুগ্ধ করেছে। এভাবে নৌপথে দুই দেশের মধ্যে ভ্রমণব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে পর্যটনশিল্পে উভয় দেশই এগিয়ে যাবে।
কার্নিভ্যাল ক্রুজ লাইনসের পরিচালক ইমরান খান বলেন, ‘আমরা চিন্তা করছি, নৌযানটি মাসে দুটি ট্রিপে যাত্রী নিয়ে কলকাতায় যাবে এবং ঢাকায় ফিরবে। প্রথম দিকে সময়ের কমবেশি পরিবর্তন হতে পারে। এতে সর্বনিম্ন ৬ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়ার ক্যাটাগরি আছে। রিটার্ন টিকিটধারীদের জন্য নৌযানেই থাকার সুবিধা আছে। যাঁরা পরিবার নিয়ে এই নৌযানে ভ্রমণ করবেন, তাঁদের সঙ্গে থাকা ১০ বছরের কম বয়সী দুই বাচ্চাকে বিনা টিকিটে ভ্রমণের সুযোগ দিয়েছি।’
এমভি রাজারহাট-সি জাহাজের মালিক মাসুম খান বলেন, নৌযানটিতে ঢাকা থেকে কলকাতার সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার টাকা, ডাবল স্লিপার ১০ হাজার ২০০, সিঙ্গেল কেবিন ১২ হাজার, ডাবল কেবিন ২০ হাজার ৪০০, ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২০০, ভিআইপি কেবিন ৩০ হাজার ও প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের বিভিন্ন স্থানে নোঙর করে ঘুরিয়ে দেখানো হচ্ছে। প্রথমবার সফল হলে জাহাজটি নিয়মিত পরিচালনা করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ জানান, ঢাকা থেকে আংটিহারায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নৈশকালীন চলাচলের জন্য নৌ সংকেতব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নৌযান আংটিহারা থেকে ভারতের জলসীমায় ঢোকার পর ভারতীয় কর্তৃপক্ষ তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা করবে বলেও জানান তিনি।