বিএনপি নেতার ছেলেকে ছাত্রলীগের আহ্বায়ক করার প্রতিবাদে মানববন্ধন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা ছাত্রলীগ বুধবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করে
ছবি: সংগৃহীত

বিএনপি নেতার ছেলেকে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ইরফান, নুর-এ-জান্নাত, মোস্তাফিজুর রহমান, অভিমান সরকার প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটির আহ্বায়ক কাউছার আহম্মেদ বিএনপি নেতার ছেলে। তিনিসহ আরও অনেকেই বিএনপি-জামায়াত পরিবারের সন্তান। তাঁদের নেতৃত্বে ছাত্রলীগ চলতে পারে না।

এ বিষয়ে কাউছার আহম্মেদ ক্যাম্পাসে কয়েকজন সাংবাদিককে বলেন, মানববন্ধন থেকে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তাঁর বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এহসানুল হক প্রথম আলোকে বলেন, চলতি বছরের মার্চ মাসে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক ও নুর-এ-জান্নাতকে যুগ্ম আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫৩ সদস্যের একটি খসড়া কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছিলেন। হঠাৎ গত ৩১ জুলাই কাউছার আহম্মেদকে আহ্বায়ক ও তাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৬৩ সদস্যের একটি কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটির আহ্বায়ক কাউছার আহম্মেদের বাবা মো. আনোয়ার হোসেন বিএনপির একজন প্রভাবশালী নেতা। এর ফলে ছাত্রলীগের বেশির ভাগ নেতা-কর্মী তাঁর নেতৃত্ব মেনে নিতে পারছেন না।