
পরিচ্ছন্নতা অভিযানে নিজেই ঝাড়ু হাতে নামলেন ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আজ শনিবার সকাল ১০টায় তিনি নেতা–কর্মীদের নিয়ে সড়ক ও হাসপাতালের আঙিনার আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নবাবগঞ্জ চৌরাস্তার কায়কোবাদ চত্বরের পাশে জমে থাকা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। তিনি কোদাল দিয়ে আবর্জনা একটি ঝুড়িতে তুলে দেন। জেলা পরিষদ মার্কেটের সামনে আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানান।
এরপর আবু আশফাক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে আবর্জনা পরিষ্কার করেন। এ সময় তিনি হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলায় ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি ওই হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ ঘুরে দেখেন। কক্ষের ভেতরে গিয়ে দেখেন, দেয়ালের আস্তর খসে পড়েছে। পরে তিনি উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাকে ডেকে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শন শেষে সংসদ সদস্য সংবাদকর্মীদের বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবায় সব ধরনের ব্যবস্থা থাকার পরও কেন রোগীরা বঞ্চিত হবেন? স্বাস্থ্যসেবায় কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি চিকিৎসক ও সেবিকাদের সব রোগীকে মানসম্মত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামসুল আলম খান, চিকিৎসক হরগোবিন্দ সরকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক চৌধুরী প্রমুখ।