চট্টগ্রাম নগরের একটি বিপণিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিটাগাং শপিং কমপ্লেক্স নামের ওই বিপণিবিতানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নগরের ষোলশহর এলাকায় এই শপিং কমপ্লেক্সের অবস্থান। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন। শনিবার বিপণিবিতানটিতে অর্ধেক দিন দোকানপাট বন্ধ থাকে। বেলা ২টা থেকে দোকান খোলার কথা রয়েছে।
শপিং কমপ্লেক্সের নিচতলায় ‘রিভিউ কিডস্’-এর অবস্থান। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নঈম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ছুটে আসছি, আল্লাহ বাঁচাইছে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে যেতে পারত।’
বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুনে নিচতলার দুটি কাপড়ের দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।