গাজীপুরের শ্রীপুরে শতাধিক ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে সরোয়ার মুর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরে কনস্টেবল পদে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বাসিন্দা। অন্য দুজন হলেন মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।
সবুজ শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রাম ও জাহাঙ্গীর রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তবে সবুজ কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। গতকাল শুক্রবার রাতে সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
প্রায় এক মাস ধরে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন জাহাঙ্গীর আলম। ওই বাড়ি থেকেই তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন।জাহাঙ্গীর মণ্ডল, স্থানীয় বাসিন্দা
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার ওই বাড়িতে স্থানীয় লোকজন তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
কেওয়া পূর্বখণ্ড গ্রামের জাহাঙ্গীর মণ্ডল বলেন, প্রায় এক মাস ধরে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন জাহাঙ্গীর আলম। ওই বাড়ি থেকেই তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন।