নান্দাইলে বিদ্যালয়ের ১০০ কেজি বই বিক্রির সময় জব্দ

রোববার বিদ্যালয় ছুটির পর ভ্যানে বইগুলো নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বইগুলো জব্দ করে থানায় নিয়ে যায়
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদংমধুপর উচ্চবিদ্যালয়ের ২০২২ সালের প্রায় ১০০ কেজি পাঠ্যবই বিক্রির সময় জব্দ করা হয়েছে। আজ রোববার বিদ্যালয় ছুটির পর ভ্যানে বইগুলো নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন বাধা দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বইগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক বলেন, চা-পানের খরচ জোগান দেওয়ার জন্য কিছু পুরোনো বই বিক্রি করা হচ্ছিল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তিনি বর্তমানে ময়মনসিংহে অবস্থান করছেন। থানায় ফিরে বিস্তারিত জানাতে পারবেন।

স্থানীয় লোকজন জানান, এমপিওভুক্ত উদংমধুপর উচ্চবিদ্যালয়টি উপজেলার সিংরইল ইউনিয়নে অবস্থিত। আজ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হওয়ার পর বিদ্যালয়ের দুই ভবনের ফাঁকে একটি ভ্যান দেখতে পান এলাকার লোকজন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হককে বই বিক্রির কাজ তদারক করতে দেখা যায়। ক্রেতা বইগুলো ভ্যানে তুলে বিদ্যালয় থেকে বের হওয়ার সময় এলাকাবাসী বাধা দেন। অবস্থা বেগতিক দেখে চালক বইসহ ভ্যান রেখে পালিয়ে যান।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আবু রায়হান ফকির। তিনি বলেন, এর আগেও বিদ্যালয়ের বই বিক্রির ঘটনা ঘটেছে। তখন ঘটনাটি ধামাচাপা দিয়েছেন প্রধান শিক্ষক। এভাবে চুপিসারে বিদ্যালয়ের বই বিক্রি করার ঘটনা একটি খারাপ নজিরে পরিণত হয়েছে।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম বলেন, পাঠ্যবইগুলো সরকারের সম্পদ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার পর উদ্বৃত্ত বই থাকলে ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।