‘পাওনা টাকা নিয়ে’ শ্যালক-দুলাভাইয়ের মারামারি, একজনের মৃত্যু

নিহত আমির হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভগ্নিপতি ও শ্যালকের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের কাজিরহাটে এ ঘটনা ঘটে। পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ থেকে এ মারামারি হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত আমির হোসেন (৩২) কাজিরহাট এলাকার বাসিন্দা। এ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন নিহত ব্যক্তির দুলাভাই মুহাম্মদ সেলিম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আমির হোসেনের সঙ্গে তাঁর ভগ্নিপতি মুহাম্মদ সেলিমের টাকা পাওনা ও জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় কাজিরহাট বাজারে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। মুহাম্মদ সেলিম তাঁর শ্যালক আমির হোসেনকে কিলঘুষি মারতে থাকলে তিনি খাদে পড়ে যান। এরপর স্থানীয় লোকজন আমিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, ভগ্নিপতি ও শ্যালকের মধ্যে টাকা পাওনা ও জমি নিয়ে বিরোধ থেকে ধস্তাধস্তি হয়। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।