ছুরিকাঘাতে মৃত্যু
ছুরিকাঘাতে মৃত্যু

তর্কাতর্কি থেকে দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ তরুণের বিরুদ্ধে, ঘটনাস্থলে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কি ও ধস্তাধস্তির এক পর্যায়ে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর মোল্লা (৪৫) কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন। একই গ্রামের আহত নূর ইসলামকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হাসিব মোল্লাও (২২) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্লার সঙ্গে হাসিবের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এর জেরে গতকাল রাতে স্থানীয় একটি দোকানে হাসিবকে দেখতে পেয়ে ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর দোকানের শাটার আটকে দেন। পরে তিনি হাসিবের কাছে ইউপি সদস্যকে অপদস্থ করার কারণ জানতে চান।

এ সময় মানসুর ও হাসিবের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে নূর ইসলামকে আঘাত করেন। পরে মানসুরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলেই মানসুরের মৃত্যু হয়। পরে আহত নূর ইসলাম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিবকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।