হিলি স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, প্রতিবাদে ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের শুল্কস্টেশন
প্রথম আলো ফাইল ছবি

স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে দিনাজপুরের হিলি স্থলবন্দরের শুল্কস্টেশনের পাসপোর্ট শাখার রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শনিবার বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত পাসপোর্ট শাখার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের পক্ষ থেকে হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশন সূত্রে জানা যায়, শনিবার বেলা সোয়া একটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দুজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী তাঁদের ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় শুল্কস্টেশনে কর্মরত আনসার সদস্য আবদুল গফুর ওই দুই যাত্রীর ব্যাগপত্র যাচাই করার জন্য ব্যাগেজ শাখায় নেন। এ সময় ওই দুই যাত্রীর পক্ষে স্থানীয় প্রভাবশালী ও দিনার-মিনার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিনার হোসেন (৪০) ওই আনসার সদস্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে ধাক্কা মেরে লাগেজটি ছিনিয়ে নেন। কিছুক্ষণ পর দিনার হোসেন ঘটনাস্থলে আবার এসে শুল্ক কর্মকর্তা-কর্মচারীদের হাত কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনার প্রতিবাদে শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত পাসপোর্ট শাখার সব কার্যক্রম এক ঘণ্টার জন্য বন্ধ রাখেন।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস জানান, স্থলবন্দর শুল্কস্টেশনে স্থানীয় এক প্রভাবশালীর লাগেজ ছিনিয়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকির ঘটনাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষের পরামর্শে সন্ধ্যায় হাকিমপুর থানায় একটি জিডি করা হয়েছে। তবে এক ঘণ্টা কার্যক্রম বন্ধ রাখার সময় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল।

জিডির বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া।