
কক্সবাজারের চকরিয়ায় বিএনপি নেতাদের বাড়িতে গুলিবর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শুক্রবার বেলা তিনটার দিকে চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন ছিল। কর্মসূচি শুরুর আগে শুক্রবার ভোররাতে পুলিশের পোশাক পরে ও পুলিশ ভ্যানের মতো গাড়ি ব্যবহার করে কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরী, কাকারার বিএনপি নেতা নাজেম উদ্দিন এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসান আজিজের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে ফাঁকা গুলিবর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
অস্ত্রধারীরা পুলিশের পোশাক পরলেও তাঁরা আওয়ামী লীগের লোকজন বলে দাবি করেন শাহজাহান চৌধুরী।
বিএনপি নেতা শাহজাহান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের লোকজন রাজপথে সশস্ত্র মহড়া দিলেও পুলিশ ছিল নির্বিকার। এ অবস্থায় নেতা-কর্মীসহ এলাকার জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নির্ধারিত কর্মসূচি বাতিল করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন অবৈধ অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।’
অস্ত্রধারীরা পুলিশের পোশাক পরলেও তাঁরা আওয়ামী লীগের লোকজন বলে দাবি করেন শাহজাহান চৌধুরী। অবিলম্বে গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফরায়েজী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও উপজেলা যুবদলের সভাপতি ওমর আলী।
এ প্রসঙ্গে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ ভ্যান নিয়ে পুলিশ কারও বাড়িঘরে গুলি করেনি। কারও মনে আতঙ্কও ছড়ায়নি। অন্য কেউ এমন কর্মকাণ্ড ঘটিয়েছে, এমন তথ্যও আমাদের কাছে নেই। হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এসব আজগুবি গল্প প্রচার করছে।’