
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৯০ ভাগ সমবায় সমিতি আছে শুধু কাগজে-কলমে। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে ঋণ নেওয়া হয়, অনেক সদস্য এ ঋণ উত্তোলনের খবরও জানেন না। গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আজ শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, নেতৃত্বে সততার অভাবের কারণে সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়। সমিতির ধারণা সঠিকভাবে ধারণ করা হচ্ছে না। সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে—যোগ্য নেতৃত্ব সঠিক পরিকল্পনা প্রণয়ন ও জবাবদিহি নিশ্চিতকরণ।
জেলা সমবায় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জেলার ১১টি সমবায় সমিতি ও পাঁচ ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসক আনিসুর রহমান জাতীয় পতাকা, সমবায় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।