ময়মনসিংহের ফুলপুরে ‘ধর্ষণের শিকার হয়ে’ এক কিশোরীর (১৩) বিষপানে মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল মিয়া (৪০)।
এর আগে গত রোববার রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে গতকাল র্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান বলেন, মারা যাওয়া কিশোরী (১৩) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিবেশী রুবেল মিয়া রোববার রাতে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর কিশোরীটি রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচণার দায়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় রুবেল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রুবেলকে আজ বুধবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান নয়মুল হাসান। তিনি বলেন, তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য জানা যাবে।
কিশোরীর দাদি বলেন, ‘আমার নাতনি বিষ খেয়ে এসে বলে, “রুবেল আমারে ধর্ষণ করছে, আমি আর বাঁচতে চাই না।” ময়মনসিংহ নিয়েও নাতনিরে বাঁচাইতে পারি নাই। আমি রুবেলের ফাঁসি চাই।’