
নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাঁজরভাঙা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৭০)। তাঁর বাড়ি উপজেলার পার-নুরুল্যাবাদ গ্রামে আত্রাই নদীর দক্ষিণ তীরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে নৌকায় করে আত্রাই নদী পার হয়ে মজিবর রহমান পাঁজরভাঙা বাজারের যান। বাজারে একটি দোকানে ফ্লেক্সিলোড করে রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী তাঁকে ধাক্কা দেন। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মজিবর রহমানকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।