
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি ইচ্ছা করে জুলাই সনদকে না মেনে ১২ কোটি মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা যদি এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামব। জুলাই সনদ না মানলে জামায়াত সংসদে ও রাজপথে যুগপৎ আন্দোলন করবে।’
আজ সোমবার সন্ধ্যায় ফেনী শহরের একটি গণমিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জুলাইয়ে মানুষ তাজা প্রাণ আর রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। বিএনপি জুলাই চেতনাকে সংবিধানে ঢোকাতে চায় না। ঐকমত্য কমিশনের সুপারিশ মেনে তাঁরা এখন উল্টো পথে হাঁটছেন। সংবিধান সংশোধনের না করে তাঁরা ফ্যাসিবাদী কায়দায় ফিরে যাচ্ছেন।’
সেমিনারে প্রধান বক্তা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান সরকার তাদের ৩১ দফার সঙ্গেও প্রতারণা করছে। তারা সংবিধান সংশোধন করবে বলে দফা দিলেও তা মানছে না। গণভোটের রায়ও মানছে না। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, গরিব মানুষের হাসপাতালে কোনো এমপি বা নেতা চিকিৎসা নিতে যান না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রের টাকায় বিদেশে চিকিৎসা নিতে যান। কিন্তু গরিবদের হাসপাতালে চিকিৎসকসংকটে চিকিৎসাসেবা মেলে না। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র।
জামায়াতের ফেনী জেলা আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, এ কে এম শামসুদ্দিন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক, জামায়াতের কেন্দ্রীয় নেতা এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) ফেনী জেলা সেক্রেটারি মোহাম্মদ ইসমাঈল এবং জাগপার ফেনী জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির ফেনী জেলা সদস্যসচিব ফজলুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ আবু ইউসুফ।
সেমিনারে জামায়াত, এনসিপি, এবি পার্টি, জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ ১১-দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতারা ও বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।