
নড়াইলে পোস্টার সাঁটানোতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও তিন প্রার্থীর প্রতিনিধিকে একই অভিযোগে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব জরিমানা করেন। আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের (আইওজে) প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন।
নির্বাচনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে দশম সংসদ নির্বাচনে (২০১৪ সালে) নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান মাশরাফির
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘৭ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাকে ভোট না দিলেও আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। তবে আপনারা আমাকে নির্বাচিত করলে আমার কাজের স্পৃহা দ্বিগুণ বেড়ে যাবে।’
লোহাগড়ায় আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনা মূল্যের ‘ম্যাশ মেডিকেল ক্যাম্প’ উদ্বোধনের সময় এসব কথা বলেন মাশরাফি। গত পাঁচ বছরে নিজের সর্বোচ্চটা দিয়ে এলাকার উন্নতি করার চেষ্টা করেছেন দাবি করে মাশরাফি বলেন, ‘আমার কাজে গাফিলতি করিনি। আমি আমার নির্বাচনী এলাকার প্রায় সব গ্রামে গিয়েছি। তাই আমি নিশ্চিত আপনারা ভোটকেন্দ্রে গেলে আমাকে ভোট দেবেন। ৭ জানুয়ারির পর আমার কাছে যা চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করব।’
লোহাগড়ার ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্লার মাঠ) দিনব্যাপী বিনা মূল্যে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। রোগীদের ওষুধও বিনা মূল্যে দেওয়া হয়। এ ছাড়া ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে প্রায় চার হাজার রোগী চিকিৎসা নেন।