কুষ্টিয়ায় শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষক আটক

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে (সাদা পোশাক) থানায় নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ করেছে কয়েকজন ছাত্রী। আজ বুধবার দুপুরে ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষকের নাম নাহারুল ইসলাম (৪৩)। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। পুলিশ বলছে, ওই শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এ ব্যাপারে মামলা রেকর্ড করা হবে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন আগে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষক কামরুল হাসানের কাছে শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেয়। নাহারুল তাঁর বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীদের গায়ে হাত দেওয়া ও শ্লীলতাহানি করতেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। প্রধান শিক্ষক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম চৌধুরীর উপস্থিতিতে বৈঠকের প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবকও যোগ দেন। কয়েকজন শিক্ষার্থী জুতার মালা তৈরি করে বিক্ষোভ করে। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়। তারা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণে বা কোনো শ্রেণিকক্ষে শ্লীলতাহানির কোনো অভিযোগ কেউ দেয়নি। বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পেয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শুনেছি, একজন অভিভাবক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’

থানা হেফাজতে থাকায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়ে শিক্ষক নাহারুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান প্রথম আলোকে, ‘যৌন হয়রানির অভিযোগে এক অভিভাবক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটা মামলা হিসেবে রুজু করা হচ্ছে।’