নেত্রকোনায় খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নেত্রকোনায় একটি চলন্ত বাস অতিক্রম করতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নেত্রকোনা জেলা শহরের ছোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম শাকিল আহমেদ (২০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আজ সকাল ছয়টার দিকে শাকিল ও তাঁর বড় ভাই সোহাগ আহমেদ মোটরসাইকেলে করে পারলা বাসস্ট্যান্ডে যান। সেখানে সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল আবার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জেলা শহরের ছোটবাজার এলাকায় আসার পর একটি নৈশকোচকে অতিক্রম করতে গিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত তরুণের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।