চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার নূপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই বিপণিবিতানের আল মদিনা শু স্টোরের গুদামে আগুন লাগে। পরে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আল মদিনা শু স্টোরের কর্ণধার আহমদুল হক (৫৫) প্রথম আলোকে বলেন, তাঁর গুদামে ৫০–৬০ লাখ টাকার বিভিন্ন ধরনের জুতা ছিল। চারজন কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলার উপপরিচালক মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, নগরের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু জানা যায়নি।
তবে আহমদুল হক প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি কর্মচারীর মাধ্যমে জেনেছেন।
সরেজমিনে দেখা যায়, নূপুর মার্কেটে বইপুস্তক, পোশাক, খাবারসহ নানা ধরনের দোকান রয়েছে। বেশির ভাগ দোকান বন্ধ ছিল। আশপাশের দোকানিরা রাস্তায় বের হয়ে যান। তবে হতাহতের ঘটনা ঘটেনি।