
দেশের সবজি ভান্ডার বলে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ সপ্তাহখানেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৯০ থেকে ১০০ টাকা এবং তিন সপ্তাহ আগে ২৪০ টাকা কেজি দরে (পাইকারি) বিক্রি হয়েছে। আজ শনিবার উপজেলার করমজা হাটের কাঁচামালের আড়ত ঘুরে এসব তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলায় কাঁচা মরিচ আবাদের মৌসুম এখন শেষের পথে। ১০০ হেক্টরের মতো জমিতে এখনো কাঁচা মরিচগাছ রয়েছে। সেই জমির গাছ থেকে কাঁচা মরিচ তুলে কৃষকেরা হাটে নিয়ে আসছেন। সপ্তাহ দুয়েকের মধ্যে এ উপজেলায় কাঁচা মরিচের উৎপাদন মৌসুম শেষ হয়ে যাবে।
সাঁথিয়ায় মরিচের আবাদ শুরু হয় মার্চের শুরুতে। আগস্ট মাসের শেষ পর্যন্ত খেত থেকে মরিচ পাওয়া যায়। তবে সাধারণত এর মধ্যেই বৃষ্টি ও বর্ষায় মরিচগাছগুলো মরে যেতে থাকে। কিন্তু এবার বৃষ্টি ও বর্ষা কম হওয়ায় অনেক জমির মরিচগাছ এখনো রয়ে গেছে। এ ছাড়া এবার ভালো দাম পাওয়ায় এসব জমির কৃষকেরাও যত্ন করে মরিচগাছগুলো বাঁচিয়ে রেখেছেন। উপজেলা কৃষি কার্যালয়ের দেওয়া তথ্যে জানা যায়, এবার এ উপজেলায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছিল। বেশির ভাগ জমি থেকে কৃষকেরা মরিচগাছগুলো তুলে নেওয়ার পর উঁচু এলাকার প্রায় ১০০ হেক্টর জমিতে এখনো মরিচের গাছ রয়ে গেছে। ওই সব জমি থেকে মরিচ তুলে কৃষকেরা বাজারে আনছেন।
আজ উপজেলার করমজা কাঁচামালের হাটে গিয়ে দেখা যায়, সকালের দিকে কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৩৫ থেকে ৩৭ টাকায় কেনেন। তবে দুপুর ১২টার দিকে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়। হাটের ব্যবসায়ী ও আড়তদারেরা জানান, সাত দিন ধরে হাটে কাঁচা মরিচের দাম কমছে। সপ্তাহখানেক আগে এই হাটেই প্রতি কেজি কাঁচা মরিচ কৃষকেরা পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। আবার এরও আগে ৬ আগস্ট এখানেই প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে (পাইকারি) বিক্রি হয়েছে।
হাটের কাঁচামালের আড়তদার শফিকুল ইসলাম বলেন, ‘এই হাটে যে কাঁচা মরিচ বিক্রি হয়, তার সবই স্থানীয়। আজ হাটে ৫০ মণের মতো কাঁচা মরিচ উঠেছিল। অথচ ভরা মৌসুমে এই হাটে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মণ কাঁচা মরিচ ওঠে। রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, যশোরসহ দেশের অনেক জেলাতে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করায় দাম এখন প্রতিদিনই কমছে।
হাটে কাঁচা মরিচ নিয়ে আসা সাতবিলা গ্রামের কৃষক নূর আলী শেখ বলেন, ‘এক বিঘা জমিতে মরিচের আবাদ কইর্যা এবার ভালো দাম পাইছি। আবাদে লাভ হওয়ায় সব মরিচচাষিই এবার খুশি। অন্য বছর এই সময়ে জমির সব মরিচগাছ নষ্ট হয়া যায়। আবার অনেকে তুইল্যাও ফালায়। কিন্তু এবার ভালো দাম পাওয়ায় মরিচ গাছগুল্যা আমিসহ অনেকেই টিকায়া রাখিছি। তবে গাছ পুরানো ও বয়স্ক হওয়ায় ফলন কইম্যা গেছে।’
এদিকে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে আজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা যায়। সাঁথিয়ার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের কাঁচামালের বাজার থেকে কাঁচা মরিচ কিনে এনামুল হক নামের এক ক্রেতা বলেন, দুই থেকে তিন সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায় কিনেছেন। অথচ আজ তা কিনলেন ৪৫ টাকা কেজি দরে। এতে তিনি স্বস্তি প্রকাশ করেন। তবে পাইকারি ও খুচরা দামের এত পার্থক্য থাকা ঠিক নয় বলে তিনি জানান।
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী বলেন, এখন এ উপজেলার মরিচ আবাদের মৌসুম একেবারেই শেষের পথে। পুরো উপজেলায় ছড়িয়ে–ছিটিয়ে ১০০ হেক্টরের মতো জমিতে মরিচগাছ থাকলেও সপ্তাহ দুয়েকের মধ্যে এগুলোও কৃষকেরা হয়তো সরিয়ে ফেলবেন। পরে সেই জমিতে কৃষকেরা আগাম জাতের পেঁয়াজের সঙ্গে নতুন মরিচের আবাদ করবেন।