নেত্রকোনায় দুই পক্ষের দ্বন্দ্বে আহত আরেকজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে গৃহবধূ মুন্নি আক্তার (১৯) ও তাঁর শাশুড়ি রিনা আক্তারের (৪৫) দ্বন্দ্বের জেরে হামলার ঘটনায় আহত নারী মিনারা আক্তার (৬৫) মারা গেছেন। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই হামলার ঘটনায় গত রোববার রাতে মো. শফিকুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হন।

গতকাল রাতে মারা যাওয়া মিনারা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী। মিনারা আক্তার হলেন মুন্নি আক্তারের স্বামী মোবারক হোসেনের নানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দিনের ছেলে মোবারকের (২৫) সঙ্গে একই ইউনিয়নের ফতেপুর মড়লপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে মুন্নির বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে মুন্নির সঙ্গে তাঁর শাশুড়ি রিনা আক্তারের কলহ চলছিল। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর মধ্যে গত রোববার সন্ধ্যায় রিনা ও মুন্নি বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে মুন্নি বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে মুন্নি তাঁর বাবার কাছে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন।

পরে মুন্নির পরিবারের লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে রাত সাড়ে নয়টার দিকে মোবারক হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় মোবারকের পরিবারের লোকজন প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিবেশী শফিকুল ইসলাম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করেন। পরে শফিকুলসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন মুন্নির স্বামী মোবারক হোসেন, শাশুড়ি রিনা আক্তার, রিনা আক্তারের মা মিনারা আক্তার, বাবা ইব্রাহিম মিয়া (৭৫), মোবারকের ছোট ভাই মাসুম মিয়া (১২), স্বজন রেনু মিয়ার ছেলে জোনাঈদ মিয়া (১৬) ও শফিকুল ইসলামের ছেলে কাদির মিয়া (১৫)। আহত ব্যক্তিদের মধ্যে মিনারাসহ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাত পৌনে আটটার দিকে মিনারা মারা যান। অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ আজ মঙ্গলবার দুপুরে বলেন, হামলার ঘটনায় প্রতিবেশী শফিকুল ইসলামের পর গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মোবারকের নানি মিনারা আক্তার মারা যান। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মোবারকের শাশুড়ি স্বরূপা আক্তারকে (৪৫) আটক করে গতকাল বিকেলে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।