ফরিদপুরে তরুণকে অপহরণ করে হত্যার ঘটনায় পাঁচজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

ফরিদপুরে এক তরুণকে অপহরণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার অপরাধে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান বুধবার দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন। বুধবার বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি গোলাম হোসেন মৃধা এ তথ্য জানিয়েছেন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেঘারকান্দি গ্রামের সিরাজ মোল্লা (৫১), ইমারত মোল্লা (৪৬), কালাম মোল্লা (৪৮), সুবল টিকাদার (৬১) ও রঙ্গেশ্বর মণ্ডল (৪৬)। তাঁদের মধ্যে সুবল টিকাদার ও রঙ্গেশ্বর মণ্ডল পলাতক। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০০৭ সালের ২৮ জানুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর ১৬ বছর পর বুধবার এ রায় দেওয়া হয়। হত্যাকাণ্ডের শিকার ওই তরুণের নাম ধ্রুব মণ্ডল (২২)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চালচা গ্রামের কানাই লাল মণ্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ জানুয়ারি ধ্রুব মণ্ডলকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে অপহরণ করে নগরকান্দায় নিয়ে আসেন আসামিরা। পরে তাঁরা ধ্রুবর বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় ২৮ জানুয়ারি শ্বাসরোধে হত্যা করে মেঘারকান্দি গ্রামে একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ২০০৭ সালের ২৮ জানুয়ারি ধ্রুবর বাবা কানাই লাল মণ্ডল বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক মো. কেরামত আলী ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।