সেন্ট মার্টিনে চার দিন ধরে আটকে পড়া সাড়ে তিন শতাধিক পর্যটক ফিরবেন আজ

সতর্কসংকেত প্রত্যাহারের পর আজ পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছে দুটি জাহাজ। সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাটেে
ছবি: প্রথম আলো

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর চার দিন ধরে জারি থাকা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত গতকাল শুক্রবার বিকেলে প্রত্যাহার করে নিয়েছে। এরপর আজ সকাল পৌনে ১০টার দিকে ‘এমভি বার আউলিয়া’ ও ‘কেয়ারি সিন্দাবাদ’ নামের দুটি জাহাজ টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। এই দুটি জাহাজে নতুন করে ৫২২ পর্যটক সেন্ট মার্টিনে বেড়াতে গেছেন। সঙ্গে চার দিন ধরে টেকনাফে আটকা পড়া সেন্ট মার্টিনের ১৩৫ জন স্থানীয় বাসিন্দাও নিজ দ্বীপে ফিরে গেছেন। চার দিন ধরে সেন্ট মার্টিনে আটকে ছিলেন সাড়ে তিন শতাধিক পর্যটক। বিকেলে এমভি বার আউলিয়া জাহাজ ফেরার সময় তাতে ফিরবেন ওই পর্যটকেরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আজ সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে এ নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এমভি বার আউলিয়া জাহাজের পাশাপাশি আজ থেকে নতুন করে কেয়ারি সিন্দাবাদ নামের আরও একটি জাহাজ চালু করা হয়েছে। এ দুটি জাহাজ টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সকাল পৌনে ১০টার দিকে ৫২২ পর্যটক ও ১৩৫ জন স্থানীয় বাসিন্দা নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছে। সতর্কসংকেত চলাকালে সেন্ট মার্টিনের এই স্থানীয় বাসিন্দারা টেকনাফে আটকা পড়েছিলেন। তাঁরা কেয়ারি সিন্দাবাদে করে ফিরে গেছেন।

এর আগে মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত মঙ্গলবার বিকেলে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়। ফলে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সোম ও মঙ্গলবার সেন্ট মার্টিনে বেড়াতে এসে আটকা পড়েন সাড়ে তিন শতাধিক পর্যটক।

গত চার দিন ধরে আটকে থাকা ওই পর্যটকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৭৭ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী এবং নীলফামারী মেডিকেল কলেজের ৩৮ জন শিক্ষক-শিক্ষার্থী ওই পর্যটকদের মধ্যে রয়েছেন।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে আটকে পড়া সাড়ে তিন শতাধিক পর্যটক আজ বিকেলে ফিরে যাবেন। জাহাজের পাশাপাশি আজ সকাল থেকে ট্রলার চলাচলও শুরু হয়েছে।

জেটিঘাটে নতুন পর্যটকদের ভিড়

আজ সকালে টেকনাফের দমদমিয়ায় বিআইডব্লিউটিএ জেটিঘাটে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য আসা পর্যটকেরা ঘাটের টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। অনেকে টিকিট সংগ্রহ করে জাহাজে নির্দিষ্ট আসনে বসেন। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও জাহাজ কর্তৃপক্ষের লোকজনকে তৎপর থাকতে দেখা যায়। সকাল পৌনে ১০টার দিকে এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ জাহাজ দুটি সাইরেন বাজিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়।

সতর্কসংকেত প্রত্যাহারের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা সেন্ট মাটিন যাওয়ার জন্য জাহাজে উঠছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে

সিরাজগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক খলিলুর রহমান টিকিটের দাম নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করলেন। তবে টিকিটের দাম অনেক চড়া। সরকারিভাবে টিকিটের মূল্য নির্ধারণ না করায় কর্তৃপক্ষ ইচ্ছেমতো দাম নিচ্ছেন। মাত্র ৩৪ কিলোমিটার পথে জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অথচ গত বছর জনপ্রতি ৫৫০-৬৫০ টাকায় সেন্ট মার্টিন ঘুরে এসেছেন তিনি।

পরিবারের চার সদস্য নিয়ে দিনাজপুর থেকে বেড়াতে এসেছেন মখলেছুর রহমান। তিনি বলেন, সতর্কসংকেত কেটে গেছে। আজ থেকে পুনরায় সেন্ট মার্টিনে যাওয়া যাবে। তাই দেরি না করে টিকিট সংগ্রহ করে জাহাজে উঠেছেন তাঁরা।

পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়ার টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম প্রথম আলোকে বলেন, জাহাজটির ধারণক্ষমতা ৮৫০ জন। গত সোম ও মঙ্গলবার সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে সাড়ে তিন শতাধিক পর্যটক আটকা পড়েন। আজ বেলা তিনটার দিকে ফেরার সময় তাঁদের টেকনাফে আনা হবে। এদিকে নতুন করে আজও পাঁচ শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে বেড়াতে গেছেন।

আজ থেকে এ নৌপথে চালু হওয়া কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফ ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, জাহাজটির ধারণক্ষমতা ৩৪৬ জন। এর মধ্যে আজকে পর্যটক ও স্থানীয় বাসিন্দা মিলে আড়াই শ যাত্রী নেওয়া হয়েছে।

সরকারিভাবে জাহাজের টিকিটের কোনো মূল্য নির্ধারণ করা হয়েছে কি না, জানতে চাইলে টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, ‘আমি নতুন এসেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’