তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে ১৪ ঘণ্টায় ৫০ হাজার টাকা টোল আদায়

বড় গাড়ির তুলনায় সেতু দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেটকার বেশি চলাচল করতে দেখা গেছে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহর ও বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু গতকাল সোমবার দিবাগত রাত থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকে গত ১৪ ঘণ্টায় এই সেতুতে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে প্রায় ৫০ হাজার টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, উদ্বোধনের পর এ সেতুতে বড় যানবাহন কম চলতে দেখা গেছে। তবে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত গত ১৪ ঘণ্টায় সেতু দিয়ে ১ হাজার ২৭০টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে ২৮০টি রিকশা-ভ্যান, ৪৩০টি মোটরসাইকেল, ৪৬৯টি থ্রি হুইলার, ৬২টি সেডান কার, ২৯টি ফোর হুইলার, ১৩টি মাইক্রোবাস, ১৩টি মিনিবাস, ১টি বড় বাস, ১৬টি মাঝারি ট্রাক, ২১টি হেভি ট্রাক ও ৮টি ট্রেলার। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৪৯ হাজার ৬৪০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ফরাজীকান্দা এলাকার টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। দীর্ঘ সময় পর পর বড় যান আসছে। তবে রিকশা-ভ্যান, মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার বেশি চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া সিমেন্ট কারখানার ভারী ট্রাক ও কিছু পিকআপ ভ্যান চলাচল করছে। এদিকে অনেকেই নতুন সেতু দেখতে দূরদূরান্ত থেকে বেড়াতে আসছেন।

সেতুর টোল আদায়কারী মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, সেতু দিয়ে বড় গাড়ি খুব কম চলাচল করছে। সেতু চালুর বিষয়টি অনেকেই এখনো জানেন না বলে হয়তো যানবাহনে কম আসছে। তবে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা বেশি।

সেতু পার হওয়া মুন্সীগঞ্জগামী প্রাইভেট কারচালক মো. আরেফিন বলেন, সাইনবোর্ড ও পঞ্চবটি সড়কে প্রচণ্ড যানজট লাগে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে সময় নষ্ট হয়। এখন ওই দুই সড়ক ছাড়াই এই সেতু দিয়ে মোক্তারপুর সেতুতে ওঠা যাবে। ফলে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু

অটোরিকশাচালক মামুন মিয়া বলেন, ফরাজীকান্দা থেকে যাত্রী নিয়ে সেতু পার হয়ে তাঁরা শহরের বিভিন্ন স্থানে যাচ্ছেন। আগে এই যাত্রীরা নৌকা বা ট্রলারে নদী পার হয়ে যেতেন। এখন তাঁরা অটোরিকশা দিয়ে সেতু পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

সেতুর সিসেস্টম ও টেকনোলজি ব্যবস্থাপক জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ দুপুর পর্যন্ত সেতু দিয়ে ১২৭০টি যানবাহন চলাচল করেছে। যানবাহনের চাপ কম প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু সেতুটি নতুন হয়েছে, তাই অনেকে জানেন না। এই কারণে যানবাহনের কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধীরে ধীরে সেতুটি পরিচিত হলে যানবাহনের চাপ বাড়বে।

প্রসঙ্গত, ২০১০ সালে একনেকে সেতুর প্রকল্প অনুমোদন হলেও ২০১৮ সালের ২৮ জানুয়ারী নির্মাণ কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ৬০৮ দশমিক ৫৬ কোটি টাকা। এর মধ্যে ৩৪৫ দশমিক ২০ কোটি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ২৬৩ দশমিক ৩৬ কোটি টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে জোগান দিয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের যানবাহন এই সেতু হয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে। একইভাবে পদ্মা সেতু দিয়ে আসা যানবাহন মোক্তারপুর সেতু হয়ে এই সেতু দিয়ে নারায়ণগঞ্জ শহর ও রাজধানীতে না ঢুকে সহজেই দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে।