মাদারীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ ঘণ্টায় ৪৫ জন হাসপাতালে ভর্তি

ওয়ার্ডের শয্যা খালি না থাকায় মেঝেতে রোগীদের শুইয়ে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ১০০ শয্যাবিশিষ্ট মাদারীপুর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। বর্তমানে জেলার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে ১০ গুণের বেশি রোগী ভর্তি আছেন। অতিরিক্ত রোগীর চাপ থাকায় হাসপাতালের মেঝেতে স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, দুই মাস আগে তীব্র গরমেও ডায়রিয়া ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ছিল। তবে শীত মৌসুম শুরু হওয়ায় ১৫ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে। যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) পাঠানো হচ্ছে।

১০০ শয্যাবিশিষ্ট মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ছয়টি। রোগীর চাপ সামাল দিতে ছয়টি শয্যাকে একসঙ্গে জোড়া দিয়ে সেখানে ১০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা দুপুর ১২টা পর্যন্ত ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকে ওই হাসপাতালে ৫৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। এর আগে ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২৮৬ জন রোগী ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৫ দিনে সব মিলিয়ে এ হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্ত পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এর অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

আজ দুপুর ১২টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের শয্যা খালি না থাকায় মেঝেতে ও হাঁটার পথের দুই পাশে চাদর বিছিয়ে রোগীদের শুইয়ে রাখা হয়েছে। ডায়রিয়া ওয়ার্ড ঘেঁষে হাসপাতালে নর্দমা ও ড্রেন থাকায় মশা ও মাছির উপদ্রব পুরো ওয়ার্ডে।

শহরের চরমুগরিয়া এলাকার বাসিন্দা লিটন মিয়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। শয্যা না পেয়ে তিনি মেঝেতে শুয়ে আছেন। লিটন মিয়া বলেন, ‘একটা সিটও খালি নাই। আমাকে হাসপাতালের মেঝের এক পাশে জায়গা দেওয়া হয়েছে। জানালার গ্রিলের সঙ্গে আমার স্যালাইন ঝুলছে। পাশে নর্দমার দুর্গন্ধ, মশা–মাছির কারণে টেকা যাচ্ছে না।’

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ

সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকার জয়নাল ব্যাপারী সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন দেওয়ার কথা থাকলেও তিনি কিছুই পাননি বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘সিট নাই, পরিবেশ খারাপ। সব কিছু দেইখা ভর্তি হইতে মন চায় নাই। গরিব মানুষ, কই যামু? তাই বাধ্য হয়ে ভর্তি হয়েছি। নার্সরা ডাকলে চিকিৎসা দেয়। কিন্তু হাসপাতাল থেকে ওষুধ, স্যালাইন কিছুই দেয় নাই। সব বাহির থেকে কিইনা আনতে হইছে।’

ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র নার্স দুলালী রানী শিকদার প্রথম আলোকে বলেন, ‘রোগীর চাপ বেড়ে যাওয়ায় আমরা হিমশিম খাচ্ছি। চিকিৎসা দিতে কষ্ট হচ্ছে। তবু আমরা আমাদের সাধ্যমতো দিন-রাত সেবা দিয়ে যাচ্ছি।’

জানতে চাইলে মাদারীপুরের সিভিল সার্জন মুনীর আহমদ খান প্রথম আলোকে বলেন, শীতকালে স্বাভাবিকভাবেই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। অন্য কোনো কারণ নেই। ডায়রিয়া থেকে বাঁচতে হলে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকেও ডায়রিয়া হতে পারে।

ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণ জানতে চাইলে মুনীর আহমদ খান আরও বলেন, ‘হাসপাতালের নতুন ভবনটি চালু হলেই শয্যাসংকট কমে যাবে। জনবলসহ অনেক কিছুর অভাবে ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ আছে। ওষুধ নিয়ে রোগীরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’