গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে মো. নুরুল ইসলাম নাহিদ ওরফে রাহিম (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলা সদরের বলদা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ কাপাসিয়া উপজেলার বড় কাকিয়া গ্রামের আবদুস ছালামের ছেলে। সে সিংহশ্রী আলাউদ্দিন খান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়। বিকেল পর্যন্ত সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে আজ সোমবার সকালে নাহিদের বাবা আবদুস ছালাম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর মধ্যে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের বলদার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় মাঝিরা একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ নাহিদের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে মরদেহটি শনাক্ত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাহিদ নদীতে গোসল করতে বা সাঁতার কাটতে নেমেছিল। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।