রাতভর বৃষ্টিতে জলমগ্ন নোয়াখালী শহর, দুর্ভোগ

শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি–সংলগ্ন সড়কে
ছবি: প্রথম আলো

রাতভর বৃষ্টিতে নোয়াখালী শহরের অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে শহরের মাইজদী এলাকায়। এদিকে শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। এ পরিস্থিতির জন্য শহরে পরিকল্পিত ড্রেনেজ–ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন তাঁরা। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা শহরের মধ্যে মাইজদীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩১ মিলিমিটার।

নোয়াখালীতে আরও বৃষ্টি হতে পারে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, আকাশে অনেক মেঘ রয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় নোয়াখালীতে আরও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসেও নোয়াখালীতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

আজ সকাল থেকে শহরের নতুন বাসস্ট্যান্ড-কলেজ রোড, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজী কলোনি, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, সিভিল সার্জনের কার্যালয়, সেন্ট্রাল রোড, জেলখানা রোড, সরকারি আবাসিক এলাকার সড়ক, ফ্ল্যাট রোড ও প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট ও এর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে

শহরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শহরের পানিনিষ্কাশনের নালাগুলো তৈরি করা হয়েছে অপরিকল্পিতভাবে। তাই একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল রাতের বৃষ্টিতেও তেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শহরের হরিণারায়ণপুর এলাকার বাসিন্দা সুলতান আহম্মদ প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে সেন্ট্রাল সড়কের পাশে সরু একটি নালা তৈরি করা হয়েছে। নালার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি। আশপাশের বাড়ি বা সড়কের পানি নালায় গিয়ে পড়ার পর তা কোথায় যাবে, সে ব্যবস্থাও করা হয়নি। এ ধরনের অপরিকল্পিত উন্নয়ন করে শহরবাসীর কোনো লাভ হয় না। শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান লাভবান হয়।

অধিক বৃষ্টিপাতের ফলে শহরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। শহরের পানিনিষ্কাশনের নালাগুলো দ্রুত পরিষ্কার এবং খালগুলোতে থাকা সব বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান

লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এক রাতের বৃষ্টিতে এমন দূরবস্থা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নোয়াখালীর মতো একটি প্রাচীন জেলা শহরে বছরের পর বছর বাসিন্দারা এই ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মী আবদুল আউয়াল বলেন, ‘বিগত দিনে অনেক নালা নির্মিত হতে দেখেছি। কিন্তু ওই নালাগুলো কতটা পরিকল্পিত ছিল, তা একটু বৃষ্টি হলেই বোঝা যায়। এ জন্য দরকার পরিকল্পিত ড্রেনেজ–ব্যবস্থা, যাতে বৃষ্টি কম হোক আর বেশি হোক, পানি যেন কোথাও জমে না থাকে।’

জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান প্রথম আলোকে বলেন, অধিক বৃষ্টিপাতের ফলে শহরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। শহরের পানিনিষ্কাশনের নালাগুলো দ্রুত পরিষ্কার এবং খালগুলোতে থাকা সব বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভার কর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।