
জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর শহরের মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর মোটরসাইকেলচালক সামান্য আহত হয়েছেন।
নিহত দুজন হলেন মেলান্দহ উপজেলার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তাঁর ভাতিজা আকাশ (২০)। তাঁরা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে বাড়ির দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। মোটরসাইকেলে ফেরার পথে মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।