
রাজশাহী-২ (সদর) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন। রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে তিনি এ আবেদন করেন।
আবেদনে নিজের দলের ও প্রতীকের পরিচয় দিয়ে সাঈদ নোমান দাবি করেছেন, একাত্তরের পর তিনিই রাজশাহীর সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে রাজশাহীর তরুণ সমাজ ও গণমানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। তাঁর অবস্থান অনেক ওপরে উঠে আসছে।
সাঈদ নোমান আবেদনে আরও উল্লেখ করেন, অবস্থান বুঝতে পেরে তাঁকে নির্বাচনের মাঠ থেকে সরাতে ব্যর্থ হয়ে তিনিসহ তাঁর দলের নেতা–কর্মীদের ওপর হামলার ষড়যন্ত্র চলছে। শহীদ ওসমান হাদীর মতো তাঁকে ভোটের মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন উল্লেখ করে সাঈদ নোমান বলেন, তিনি যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন।
কাদের কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন, এ বিষয়ে জানতে চাইলে কারও নাম উল্লেখ না করে সাঈদ নোমান বলেন, তাঁকে ওসমান হাদীর মতো হত্যা করার পরে প্রশাসন জানতে পারবে কারা তাঁকে হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার প্রথম আলোকে বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে এ রকম একটি আবেদন পেয়েছেন। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর পাঠিয়ে দেবেন। ওই প্রার্থীকে নির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।