
ঢাকার সাভার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেক তরুণ আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন মাহমুদ (১৭) সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তুহিন সাভার রেডিও কলোনি মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিল। আহত মো. রাসেল (২৭) পটুয়াখালীর সদর থানার ছোট বিঘাই গ্রামের বাসিন্দা। তিনি সাভারের জালেশ্বর এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন।
সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে ঢাকাগামী লেন হয়ে সাভার থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাসেল ও তুহিন। মোটরসাইকেলটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়েন রাসেল ও তুহিন। ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলচালক তুহিন। আহত রাসেলকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।