বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু

চালকের অপেশাদারি আচরণসহ তিনটি কারণের কথা বলেছে তদন্ত কমিটি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন
 প্রথম আলোর ফাইল ছবি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কাছে পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মামুন এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ওই দুর্ঘটনার তিনটি কারণের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি। পাশাপাশি কয়েকটি সুপারিশও করেছে ওই কমিটি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, যাত্রীবাহী বাস দুর্ঘটনার প্রথম কারণ চালকের খামখেয়ালিপনা, দ্বিতীয়ত চালকের অপেশাদারি আচরণ এবং তৃতীয়ত বিধি ভেঙে সড়কের পাশে বড় পুকুর খনন। সড়কের পাশের বড় ও গভীর পুকুরটি মৃত্যুকূপে রূপ নিয়েছে। ঝালকাঠি থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কটি পুরোনো। এই সড়ক প্রশস্ত নয়। সড়কের পাশের জমির মালিকেরা সেখানে পুকুর খনন করে মাছ চাষ করছেন। সড়কটির দুই পাশে যদি মহাসড়কের মতোই ১০ থেকে ১২ ফুট জমি অধিগ্রহণ করা থাকত, তাহলে দুর্ঘটনা ঘটলেও এত প্রাণহানি হতো না।

মোহাম্মদ মামুন বলেন, আরও দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, প্রকৃতপক্ষে বাসচালক মোহন খানের খামখেয়ালিপনায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় পতিত হওয়ার আগমুহূর্তে বাসচালক তাঁর আসনে বসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক করছিলেন ও মুঠোফোন চালাচ্ছিলেন। বাস মালিক সমিতি ও মালিকপক্ষ আয় বাড়ানোর ওপর জোর দিলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পরিবহন চলাচলে নির্দেশনা মেনে চলতে গড়িমসির কথা উঠে এসেছে প্রতিবেদনে।

এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছেন। সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও জেলা বাস মালিক সমিতি দুর্ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তারাও প্রতিবেদন প্রস্তুত করেছে।
গত ২২ জুলাই সকালে ৪০ আসনের একটি যাত্রীবাহী বাস ৬৫ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের ভেতরে আটকা পড়ে নাকেমুখে পানি ঢুকে মুহূর্তের মধ্যে কয়েকজন ছটফট করে মারা যান। বাসের চাপায় মারা গেছেন আরও কয়েকজন। এ ঘটনায় সব মিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৪ জন।