
নওগাঁ পৌরসভায় আড্ডা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে ইমন হোসেন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকার শাহপুর মোড়ে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইমনের বাড়ি পৌরসভার ভবানীপুর এলাকায়। তিনি ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নওগাঁ সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ইমন বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার বাসিন্দা রাজু পালোয়ান ও তাঁদের পরিচিত কয়েকজন পৌরসভার নওগাঁ-সান্তাহার সড়কের শাহপুর মোড়ে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে ইমনের সঙ্গে রাজুর কথা-কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় রাজু তাঁর কাছে থাকা ছুরি দিয়ে ইমনের পেটে আঘাত করেন। ইমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে ইমনের মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সান বিন আহসান বলেন, নওগাঁ সদর হাসপাতাল মর্গে ইমনের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত রাজু পালোয়ান ও তাঁর সহযোগীরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।