
নরসিংদীর বেলাব উপজেলাতে পোলাওয়ের স্বাদ মনমতো না হওয়ায় ছেলের লাঠির আঘাতে আছিম উদ্দীন (৮২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী রহিমা বেগমও (৭০)। ঘটনায় জড়িত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আলফে সানি (৩২)। গতকাল রাতেই ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে আসামি করে বেলাব থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন তাঁর বড়বোন তাপসী আক্তার।
পরিবারের অন্য সদস্যরা বলছেন, আলফে সানি ও তাঁর মা-বাবা তিনজনই ওই বাড়িতে থাকতেন। আলফে সানি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। সারা দিন চুপচাপ থাকেন। কারও সঙ্গে তেমন কথাবার্তাও বলতেন না। তবে হঠাৎ হঠাৎ একটু উচ্ছৃঙ্খল আচরণ করতেন। তাঁকে সুস্থ করতে তুলতে চিকিৎসাও চলছে।
সানির মা রহিমা বেগম জানান, গতকাল রাতে খাওয়ার জন্য ঘরে একটু পোলাও রান্না করেছিলেন। রাত সোয়া ১২টার দিকে স্বামী ও ছেলেকে নিয়ে খেতে বসেন। এ সময় ‘পোলাও মজা হয়নি’ বলেই ছেলে হাতের কাছে থাকা একটি লাঠি নিয়ে তাঁর পায়ে আঘাত করেন। এ সময় তাঁর স্বামী আছিম উদ্দীন প্রতিবাদ করলে ওই লাঠি দিয়েই তাঁর মাথায় আঘাত করে সানি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
থানা-পুলিশ জানান, খবর পেয়ে আশপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে বেলাব থানায় খবর দেন। পরে রাত ২টার দিকে বেলাব থানার পুলিশ বাড়িতে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এরপর আলফে সানিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সকাল ১০টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, এ ঘটনায় আজ সকালে মামলা হয়েছে। সানিকে গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।