
ভোট ডাকাতির ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
আবদুল কাইয়ুম বলেন, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করছে। এই কমিশনের অধীনে এবং ভোট ডাকাতির ইভিএমে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
শনিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাইয়ুম চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
আওয়ামী লীগ ছাড়া দেশের সব রাজনৈতিক দল ইভিএমে ভোট আয়োজনে আপত্তি জানিয়েছে মন্তব্য করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পায় না, সেখানে ইভিএমের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে। গত দুই নির্বাচনে একবার আওয়ামী লীগ বিনা ভোটে, আরেকবার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় গেছে। এবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চাইছে। তবে এ ধরনের ষড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।
বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। একদলীয় নির্বাচন অনেক হয়েছে। এ দেশের জনগণ এটা আর মেনে নেবে না। একদলীয়ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুটে খেয়েছেন। এবার হিসাব দিতে হবে। এ দেশের মালিক জনগণ। তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শামীম আহমদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, কুহিনুর আহমদ প্রমুখ।