সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার দুই প্রবাসী
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার দুই প্রবাসী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার নিহত ব্যক্তিদের পরিবার তাঁদের মৃত্যুর খবর জানতে পারে।

নিহত প্রবাসীরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের নুরে আলম (৪২) ও চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের ইউনুস মিয়া (৪৩)। তাঁরা দুই বন্ধু রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত নুরে আলমের ভাগনে সৌদিপ্রবাসী মনির হোসেন জানান, জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুরে আলম ও ইউনুস মিয়া মারা যান। দুর্ঘটনায় এক সৌদি নাগরিকও নিহত হয়েছেন এবং গাড়িচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।

স্বজনেরা জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে দুই বন্ধুর দেশে আসার কথা ছিল। চৌদ্দগ্রামের ইউনুস মিয়া তাঁর চার মাস বয়সী পুত্রসন্তানকে প্রথমবার দেখতে বিমানের টিকিটও কেটে রেখেছিলেন। ইউনুসের ভাই ওমর ফারুক মারুফ বলেন, ইউনুস মিয়া পরিবারের একমাত্র অভিভাবক ছিলেন। তাঁর বৃদ্ধ মা-বাবা, তিন মেয়ে ও দুই ছেলে আছে।

নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমাদের পরিবারের ছয়জনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে আমরা এখন দিশাহারা।’ তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রথম আলোকে বলেন, প্রবাসে মৃত্যু হলে লাশ দেশে আনতে কিছুটা সময় লাগে। প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। এরপরও সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তাঁরা এ ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন।