
নরসিংদীর পলাশে জমির বিরোধে এক বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর এবং তাঁর কোল থেকে ছিনিয়ে নিয়ে দেড় বছর বয়সী শিশুসন্তানকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িটির বিভিন্ন আসবাব ভাঙচুর এবং স্বর্ণালংকার ও টাকা লুট করে নেওয়া হয়।
আজ সোমবার ভোরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম যমুনা রানী পাল (২৫) ও দেড় বছর বয়সী শিশুটির নাম বিকি চন্দ্র দে। যমুনা রানী পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামের সবুজ চন্দ্র দের স্ত্রী। ঘটনার পরপরই দুজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৃহবধূর শ্বশুর সতীশ চন্দ্র দে জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে তাঁর বোন শিউলী রানীর সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। আজ ভোরের দিকে যমুনা তাঁর দেড় বছর বয়সী শিশুকে নিয়ে বাড়িটিতে একা ছিলেন। এ সুযোগে ৮-১০ জনকে নিয়ে বাড়িটিতে আসেন শিউলী। এ সময় তাঁরা বাড়িঘরে ভাঙচুর করে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তাঁদের বাধা দিতে গেলে যমুনাকে বেধড়ক মারধর করা হয়। এ সময় কোল থেকে তার শিশুসন্তান বিকিকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। এই দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন যমুনা। পরে খবর পেয়ে সবুজ চন্দ্র দে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযুক্ত শিউলী রানীর পরিবারের বসবাস বাড়িটির একই সীমানায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল না ধরায় এ ঘটনায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।