ঘুষ না পেয়ে গ্রাহকের ভাইকে কিলঘুষির অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

কুড়িগ্রাম জেলার মানচিত্র
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে এক গ্রাহকের ভাইকে কিলঘুষি মারার অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছনার শিকার ব্যক্তির নাম মো. ফজলুল হক।

সেচ সংযোগের জন্য দাবি করা ৫০ হাজার টাকা না দেওয়ায় তাঁকে কিলঘুষি মারা হয়েছে দাবি করে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস চিলমারীর উপমহাব্যবস্থাপকের (ডিজিএম‍) কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

মো. ফজলুল হক প্রথম আলোকে বলেন, সেচ সংযোগের জন্য তাঁর ছোট ভাই আবেদন করলেও তিনিই সব কাজ করছেন। এ ঘটনায় ওই প্রকৌশলীর উপযুক্ত শাস্তি দাবি করেন ফজলুল হক।

তবে ঘুষ দাবি করা ও ঘুষের টাকা না পেয়ে ফজলুল হককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন চিলমারী পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. মোক্তার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংযোগ দিতে দেরি হওয়ায় ফজলুল হক অফিসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এমনকি আমাকে মারতে আসেন।’

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের চিলমারী সাব জোনাল অফিসের আওতায় কাশিম বাজার লখিয়ারপাড়া এলাকার মো. ফিরোজ মিয়া নামের এক গ্রাহক সেচ সংযোগের আবেদন করেন। তবে এ–সংক্রান্ত সব কাজ করছেন তাঁর বড় ভাই ফজলুল হক। চিলমারী পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. মোক্তার হোসেন ওই সংযোগের জন্য ফজুলল হকের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ১১ হাজার টাকা দেওয়া হয়।

গত ২৪ অক্টোবর সেচ সংযোগের সরকারি ফি ১১৫ টাকা জমা দেন ফজলুল হক। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘুষের অবশিষ্ট টাকা না দেওয়ায় সেচ সংযোগ দেওয়া হয়নি। এ নিয়ে গতকাল মঙ্গলবার মোক্তার হোসেনের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন ফজলুল হক। এ সময় বাকি টাকা না দেওয়া পর্যন্ত সেচ সংযোগ দেওয়া হবে না বলে মোক্তার হোসেন জানান। এটা নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ফজলুল হককে কিলঘুষি মারেন মোক্তার হোসেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস চিলমারীর উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, ‘আজ অফিস করিনি। এ বিষয়ে আমি অবগত নই। এ রকম কোনো অভিযোগ পাইনি।’