
নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে প্রতিপক্ষের সমর্থকদের আটটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত মাধবদীর চরভাসানিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৪৮)। তিনি মাধবদীর চরভাসানিয়া গ্রামের উত্তর চরভাসানিয়া এলাকার মৃত আদম আলীর ছেলে। আবদুস সালাম শেখেরচর-বাবুরহাটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
স্বজনেরা বলছেন, সালামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপত্রে মৃত্যুর কারণ হিসেবে শারীরিক আঘাতের (ফিজিক্যাল অ্যাসল্ট) কথা উল্লেখ করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সালামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পাইকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য হারুন মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সকালে ব্যবসার কাজে সিরাজুল ইসলামের চাচাতো ভাই সালাম অটোরিকশায় করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপলদীতে যাচ্ছিলেন। সালামকে তুলে নিয়ে পিটিয়ে একটি কবরস্থানের পাশে ফেলে রেখে যায় হারুন মিয়ার লোকজন। আহত অবস্থায় সালামকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথার পেছনের দিকে ছোট একটি ফোলা অংশ ছিল। এটি আঘাতের কারণেও হতে পারে, আবার পড়ে গিয়েও হতে পারে। তাঁর কোমরের পেছনের দিকে একটি আঘাতের চিহ্ন ছিল। এতে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার বিকেলে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন উত্তেজিত হয়ে চরভাসানিয়া গ্রামে প্রতিপক্ষ হারুন মিয়ার সমর্থকদের অন্তত আটটি বাড়িঘরে হামলা চালান। এ সময় এসব বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজুল ইসলাম ও হারুন মিয়ার মুঠোফোনে বেশ কয়েকবার কল করে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আজ বুধবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই, ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগও পাইনি। যেহেতু চিকিৎসকের ব্যবস্থাপত্রে ফিজিক্যাল অ্যাসল্ট উল্লেখ করা হয়েছে, তাই ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।’