লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম

১৪ বছর আগে অলি আহমদের ওপর হামলার ঘটনায় মামলা

১৪ বছর আগে চট্টগ্রাম আদালতপাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ওপর হামলার অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মো. সালাউদ্দীন কাদের নামের এক ব্যক্তি মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দেন।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চন্দনাইশ-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে মানহানির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে ২০১১ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান অলি আহমদ। এ সময় আদালত প্রাঙ্গণে আসামিরা  অলি আহমদ ও তাঁর সঙ্গে যাওয়া এলডিপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ ছাড়া অলি আহমদকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।