রংপুরে ইসলামী আন্দোলনের আমির

এবার ভোটের অধিকার দিতে না পারলে মানুষ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে

রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় না। এবার ভোটের অধিকার দিতে না পারলে এ দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। কারণ, তারা জনগণের ভোটে ভয় পায়। আজ শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সংখ্যানুপাতিক পদ্ধতির প্রবর্তন, বিদ্যুৎ-গ্যাসসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে এ সমাবেশ করা হয়।

সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশের এমন নাজুক অর্থনীতি, রিজার্ভের এমন অবস্থার পরও যাঁরা ভোটকেন্দ্রে ডিউটি করবেন, তাঁদের জন্য ৩০০ কোটি টাকার নতুন গাড়ি কেনা হবে। কারণ, তাঁরা ভোট ডাকাতি করবেন। প্রত্যেক মানুষের মাথার ওপর ঋণ আছে ১ লাখ ১৫ হাজার টাকা।

ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান কাসেমির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আক্কাস আলী সরকার, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রংপুর জেলা সভাপতি মাহমুদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর মহানগরের সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল।

সমাবেশ সঞ্চালনা করেন রংপুর জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে রংপুর জেলা ও মহানগরের নেতা-কর্মী ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।