
পাবনা সদর উপজেলায় বিদ্যুতের তারে কাপড় টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহনারা খাতুন (৫২) ও আলেছা খাতুন (৩৫) সম্পর্কে মা-মেয়ে ছিলেন।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আলেছা খাতুন কাপড় ধুয়ে বিদ্যুতের তারে নেড়ে দিতে যান। এতে তিনি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিষয়টি দেখে মা তাঁকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
আলেছা খাতুনের বাবা আরব আলী বিশ্বাস বলেন, তাঁর মেয়ে গতকাল স্বামীর বাড়ি থেকে বেড়াতে এসেছিলেন। তাঁর ছোট্ট তিনটি সন্তান আছে। স্ত্রী-সন্তানের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।