
রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় রাজশাহী জেলার সব প্রাথমিক ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসাবে গতকাল শনিবার থেকেই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এর আগে ১৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল সকালে তা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এদিন দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ রোববার সকালে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল। তবে সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেছে।
এদিকে তীব্র শীতের কারণে রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আর প্রাথমিক বিদ্যালয়গুলো এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস দেখে গতকাল রাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই বিদ্যালয় বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী, রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবি ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির নির্দেশনা অনুযায়ী এ দুই দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, তাঁরা শুধু আজ প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আজ আবার আবহাওয়ার পূর্বাভাস জেনে কাল সোমবারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখা যায়, কালও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, তাহলে সেদিনও জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।